দেশে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় শেয়ারবাজারের মন্দা পরিস্থিতি কাটছে না। টানা তিনদিন ধরে উভয় শেয়ারবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। একই সঙ্গে লেনদেনও কমছে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংকিং খাতের। তবে এ খাতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় ১ দশমিক ৫৪ শতাংশ কমেছে। এছাড়া পোশাক খাতের লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ দশমিক ৯৯ শতাংশ। আর অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন কমেছে ৩ দশমিক ৪৪ শতাংশ।
ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৮১ পয়েন্ট কমে ৩ হাজার ৭৭৪ পয়েন্টে নেমে এসেছে। সাধারণ মূল্যসূচক কমেছে ৭৮ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ২৫ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৩৯০ পয়েন্ট। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭০ কোটি ৮৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৭১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টি’র, কমেছে ২৩৩টি’র এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে হাত বদল হয়েছে ২৭১টি কোম্পানির ৪ কোটি ৪৯ লাখ ৬৯ হাজার ৬৮৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৪৩ পয়েন্ট কমে ১১ হাজার ৭৬৫ পয়েন্টে নেমে এসেছে। আর সিএসই-৩০ মূল্যসূচক কমেছে ১৩৬ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ২১ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ২২০ টাকা। লেনদেনকৃত ১৭৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ১৫৯ টির আর অপরিবর্তিত ছিল ৬টি কোম্পানির শেয়ারের দর।
এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ বাংলা ব্যাংক ও রিলায়েন্স ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর ২০১২ তারিখে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। ডাচ বাংলা তার শেয়ারহোল্ডারদেরকে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ও রিলায়েন্স ইন্সুরেন্স ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ট প্রদানের জন্য সুপারিশ করেছে।
