নগর পরিকল্পনার উন্নয়ন ও গাজীপুর সিটি কর্পোরেশনের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে কারিগরি সহায়তা হিসেবে ১০ লাখ ডলার অনুদান সহায়তা দেবে জাপান। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ প্রকল্পের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবে এবং প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে এ লক্ষ্যে এক চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ এবং এডিবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ইকলান্ড। এসময় জাপানী দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী হিদেশী সাসাহারাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের আওতায় উল্লেখিত বিষয়গুলো ছাড়াও ট্রাফিক আইন ও নিরাপদ সড়কের বিষয়ে সচেতনতা কার্যক্রম থাকবে। দরিদ্র মানুষ ছাড়াও পিছিয়ে পড়া জনগোষ্ঠী এ প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে বলে এ সময় জানানো হয়।
