চ্যানেল আই-এর কৃষি বাজেট

কৃষিকে রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখার আহ্বান

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২১:১৪
কৃষিপণ্য, কৃষিশিল্প পণ্য, মাছ, দুধ ও প্রাণী সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট পণ্য ও উপকরণ, সার, বীজ, কীটনাশক, জ্বালানি তেল ইত্যাদি পরিবহন ও সরবরাহ এবং এসব পণ্যের আড়ত্ ও দোকান হরতাল ধর্মঘটের আওতামুক্ত রাখার জোর দাবি জানিয়েছেন কৃষক ও খামারিরা। নাটোরের শংকরভাগে চ্যানেল আই-এর হূদয়ে মাটি ও মানুষ আয়োজিত কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানে তারা এই দাবি জানান। গত শুক্রবার সন্ধ্যায় কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার প্রায় ছয় হাজার কৃষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওই প্রাক বাজেট আলোচনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এছাড়া নাটোর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভাকেট সাজেদুর রহমান, জেলা প্রশাসক মো. জাফরউল্লাহসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, মত্স্য বিভাগ, প্রাণী সম্পদ অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তা, নাটোর সুগার মিল কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচকরা বলেন, বাজার ব্যবস্থার ত্রুটির কারণে ফলন মৌসুমে ধানের মূল্য পাচ্ছেন না কৃষক। দুগ্ধ খামারিরা বলেন, দেশে এখনও দুধের দাম এক লিটার পানির সমপরিমাণ। অথচ কৃষক তার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে গাভী কিনে প্রচুর অর্থ ব্যয় করে লালন পালন করে দুধ উত্পাদন করছেন। পোল্ট্রি খামারিরা বলেন, একদিনের বাচ্চা ও খাদ্যের ক্রমবর্ধমান মূল্য, বার্ড ফ্লু এবং সরকারি পরিকল্পনার ত্রুটির কারণে ইতোমধ্যে দেশের ৭০ ভাগ পোল্ট্রি খামার বন্ধ হয়ে গেছে। এখন যে ত্রিশ ভাগ টিকে আছে তাও ধুঁকে ধুঁকে বন্ধের দিকে ধাবিত হচ্ছে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তার বক্তৃতায় বীজের ক্ষেত্রে কৃষক বহুদিন ধরেই প্রতারণার শিকার হচ্ছে। এই প্রতারণা যাতে বন্ধ হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হবে। চ্যানেল আই-এর হূদয়ে মাটি ও মানুষের উদ্যোগে এ বছর নবমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বাজেটের কৃষিখাতের নীতি ও পরিকল্পনার সঙ্গে দেশের কৃষকদের সম্পৃক্ত করার কার্যক্রম ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’। এ বছর প্রথম অনুষ্ঠানটি হয়েছে ২১ মার্চ রংপুরের মাহিগঞ্জ দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।