টেকনাফে চিকিত্সার নামে প্রতারণা, দুই জন আটক

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২১:১৭
টেকনাফে চিকিত্সার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারক আটক হয়েছে। প্রতারণার শিকার টেকনাফ পুরান পল্লান পাড়ার নজির আহাম্মদ বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে পল্লী চিকিত্সক পরিচয়ে চকরিয়া হারবাং রাখাইন পাড়ার উথং পুত্র ক্য প্রঃ চৌ প্রঃ অং ও রাঙ্গামাটির কাউখালী উপজেলার পশ্চিম সোনাছড়ি বেতবুনিয়ার চেন্ডা উপ টেকনাফ পুরান পল্লান পাড়ার নজির আহাম্মদের পুত্র মানসিক রোগী মোঃ উল্যাহকে সুস্থ করার আশ্বাসে চিকিত্সা শুরু করে। এসময় মোঃ উল্যাহকে মানসিক রোগ থেকে সুস্থ করতে এ ভুয়া চিকিত্সকরা তিন লাখ টাকা লাগবে বলে জানান। পুত্রের কথা চিন্তা করে নজির আহম্মদ তাদেরকে তিন লাখ টাকা প্রদান করেন। কিন্তু পরবর্তীতে রোগীর কোন চিকিত্সা না করে এরা বিভিন্ন টালবাহানা শুরু করে। তাদের কাছে টাকা ফেরত চাইলে আজকাল বলে আশ্বাস দিতে থাকে। এর এক পর্যায়ে টাকা হাতিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এছাড়া এ প্রতারক চক্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে পল্ল¬ী চিকিত্সক পরিচয় দিয়ে লাখ লাখ টাকা আত্মসাত্ করার অভিযোগ রয়েছে। এদিকে শুক্রবার গোয়েন্দা পুলিশ কক্সবাজার শহর থেকে তাদের আটক করে। পরে টেকনাফ থানায় হস্তান্তর করলে স্থানীয় লোকজন এদের দেখতে থানায় ভিড় জমায়। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরহাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।