উত্তরের সীমান্ত লাগায়ো কুড়িগ্রাম জেলার উলিপুরে গত শীত মৌসুমে অস্বাভাবিক ঠাণ্ডা দীর্ঘস্থায়ী হওয়ায় সুপারি গাছে ব্যাপক মড়ক ছড়িয়ে পড়ে। গাছ থেকে লাগাতার সুপারি ঝরে পড়ায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে থাকা গাছ সুপারিশূন্য হয়ে পড়ে। এ বৈরী আবহাওয়ার হাত থেকে রক্ষা পায়নি দেশি পানের বরজগুলোও। শত-শত বরজের পান পাতা পচে ঝরে পড়ায় এ অঞ্চলের সুপারি ও পানচাষীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ে। কৃষি বিভাগের মতে- তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসার কারণে এ ধরনের মড়ক বা বিপর্যয় দেখা দেয়। ইতিমধ্যে স্থানীয় হাটবাজারগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছে। ৫০ থেকে ৮০ টাকা পৌন দরের সুপারি বর্তমানে উপজেলার বিভিন্ন হাট-বাজারে স্থান ভেদে ৩শ’ টাকা থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ১০ টাকা শ’ (৮০টি পান পাতা) হিসাবে বিক্রি হওয়া পান বর্তমানে ১শ’ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
