সত্ পিতা শিশু রবিউল ইসলাম শান্তর দুই হাত কেটে নেয়ার ঘটনা নিয়ে বিভিন্ন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন শান্তকে সরকারি ও বেসরকারি সংস্থার অসংখ্য নারী-পুুরুষ দেখতে আসেন। তার দেহ থেকে দুই হাত যেভাবে পাষণ্ড পিতা কেটে নিয়েছে শিশু শান্তর মুখে সেই বর্বরোচিত ও পৈশাচিক ঘটনা শুনে অনেকে কেঁদে ফেলেন। তারা জাহাঙ্গীরকে ফাঁসি দেয়ার দাবি জানিয়েছেন। গতকাল দৈনিক ইত্তেফাকে শান্তর দুই হাত কাটা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিপুল সংখ্যক নারী-পুরুষ শান্তকে এক নজর দেখে উক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনেকে শান্তকে আর্থিক ও খাবারসহ বিভিন্ন কিছু দিয়ে সাহায্য করেছেন। গতকাল গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার লুত্ফুল কবীর শিশু শান্তকে দেখতে পঙ্গু হাসপাতালে যান।
