রোগব্যাধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমের বিশেষ ভূমিকা রয়েছে। সেই ভূমিকা যথাযথভাবে পালন এবং ভবিষ্যতে তা উত্সাহিত করার জন্য গণমাধ্যম সম্মাননা দিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক। গতকাল রবিবার বিশ্ব যক্ষ্মা দিবস পালন উপলক্ষে যক্ষ্মা বিষয়ক জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য ব্র্যাক সেন্টারে এ সম্মাননা প্রদান করা হয়।
এবছর পাঁচটি সংবাদ মাধ্যমকে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হচ্ছে- অনলাইন নিউজপোর্টাল ক্যাটাগরিতে বাংলানিউজ-টোয়েন্টিফোর.কম, বাংলা দৈনিক ক্যাটাগরিতে প্রথম আলো, ইংরেজি দৈনিক ক্যাটাগরিতে দ্য নিউ এজ এবং ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে এটিএন বাংলা। এছাড়া বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) বিশেষ সম্মাননা দেয়া হয় ।
ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডাইরেক্টর ডা. আশেক হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিক প্রতিনিধি থুসারা ফার্নান্দো, জাতীয় যক্ষ্মা প্রতিরোধ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোজাফফর হোসেন পল্টু। অনুষ্ঠানে ব্র্যাকের স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড ক্যাপাসিটি বিভাগের ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ বলেন, ‘যে কোনো কর্মসূচি বাস্তবায়ন ও তার মাধ্যমে সমাজে কার্যকর পরিবর্তন আনতে সংবাদ মাধ্যমগুলোর ভূমিকা অনস্বীকার্য। যক্ষ্মারোগ থেকে দেশকে মুক্ত করতে যে সংবাদ মাধ্যমগুলো বেশি এগিয়ে এসেছে তাদের সম্মাননা দিয়েছে ব্র্যাক।’
ঢাকায় চবি বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সভা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা গত শুক্রবার ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন গড়ে তোলার লক্ষ্যে ১৯৮৩ ব্যাচের শেলীনা আক্তার শেলীকে আহবায়ক, ফাহমিদা জিগর জাহান ও ড. জাকিরুল হককে যুগ্ম আহবায়ক এবং ১৯৮৫ ব্যাচের মুজাহিদ বিল্লাহ ফারুকীকে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটির অপর সদস্যরা হলেন- মিনার মনসুর, জাহেদা আক্তার শম্পা, অজয় রতন বড়ুয়া, শরীফউদ্দিন মিয়া, ফারজাহান পারভীন শিল্পী, মন্দিরা চৌধুরী, মাসুদা বেগম তোফা, নেয়ামুল বশির, কামরুন নাহার পলি, মাসুদুল হক মিয়া ও স্বরূপ হাসান শাহীন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
