কয়েকটি সড়কে কাল যান চলাচল বন্ধ থাকবে

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২১:২৩
আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কিছু অনুষ্ঠান সামনে রেখে রাজধানী ঢাকার বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে। রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। সড়কগুলো হলো— জিরো পয়েন্ট থেকে বঙ্গবন্ধু স্কয়ার (গুলিস্তান আন্ডারপাস) ও রাজউক ক্রসিং এবং অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা, রাজউক ক্রসিং ও বঙ্গবন্ধু স্কয়ার পর্যন্ত। এসব সড়কে ঐদিন সকাল ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিকল্প সড়ক হিসেবে গুলিস্তানগামী যানবাহনগুলো রাজধানী সুপার মার্কেট হয়ে বঙ্গভবন পার্ক রোড দিয়ে ইত্তেফাক ক্রসিং, শাপলা চত্বর, আল হেলাল পুলিশ বক্সের সামনের সড়ক দিয়ে চলাচল করতে বলা হয়েছে। এ ছাড়া ঐ সময়ে শাপলা চত্বর থেকে গুলিস্তানগামী গাড়িগুলোকে দৈনিক বাংলা ক্রসিং-পল্টন ক্রসিং (ইউবিএল ক্রসিং)-প্রেসক্লাব হয়ে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।