স্পোর্টস রিপোর্টার
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ড্র দিয়ে এটিএন বাংলা স্বাধীনতা কাপ ফুটবল শুরুর পর সেমিফাইনালে উঠতে পারবে কিনা এই নিয়ে শংকায় ছিল। গতকাল কমলাপুর স্টেডিয়ামে দশজনের আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়ে এখন আশার আলো দেখছে লাল সাদা দলটি।
এ জয়ে মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম মানিক খুশি। তিনি বলেন, ‘আমার সামনে যথেষ্ট সুযোগ আছে। আরো খেলা আছে।’
স্বাধীনতা কাপ ফুটবলের ‘সি’ গ্রুপে মুক্তিযোদ্ধা সংসদ, আরামবাগ, বিজেএমসি এবং চট্টগ্রাম আবাহনী রয়েছে। সেমিফাইনালে উঠবে একটি দল। বিজেএমসি, চট্টগ্রাম আবাহনী, আরামবাগের আছে একটি করে ড্র। চার দলের মধ্যে তাই এখন এগিয়ে থাকলো মুক্তিযোদ্ধা। আরামবাগ কাল ১০ জন নিয়ে খেলে। ১৫ মিনিটে লালকার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় দলটির নাইজেরিয়ান স্ট্রাইকার কেস্তার আকনকে। প্রথমে মুক্তিযোদ্ধার ডিফেন্ডার জহিরুল সুযোগ বুঝে ধাক্কা দিয়েছিলেন স্ট্রাইকার কেস্তার আকনকে। কেস্তার তার পায়ের বলটা সতীর্থ খেলোয়াড়ের পায়ে ঠেলে দিয়ে পেছনে ঘুরেই মুক্তিযোদ্ধার জহিরুলকে আঘাত করেন। রেফারি ভারত চন্দ্র গৌড় জহিরুলকে হলুদ কার্ড দেখালেও আরামবাগের কেস্তার আকনকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। আরামবাগের আক্রমণভাগ দুর্বল হয়ে পড়ে। দলের কোচ শাহাদাত হোসেন দাবি করেন, ‘দুই জনই সমান অপরাধ করেছেন। লালকার্ড দেয়া হলো একজনকে। মুক্তিযোদ্ধার খেলোয়াড় অন্যায় করেও মাফ পেয়ে গেলেন।’ এরপরও আরামবাগের বিরুদ্ধে প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে বিরতির পর খেলতে নেমে একতরফা খেলে মুক্তিযোদ্ধা।
আরামবাগের ডিফেন্ডারদের ভুল বুঝাবুঝির সুযোগে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল পায় মুক্তিযোদ্ধা। নাইজেরিয়ান ডার্লিংটন গোলের সূচনা করেন (১-০)। ৫৫ মিনিটে জাতীয় দলের সাবেক স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চন হেড করে গোল দেন ব্রাজিলীয়ান টাইসনের ক্রস থেকে (২-০)। দুই গোল হজমের পর আরামবাগ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আগ্রহ হারিয়ে ফেলে। এরপর যেন আক্রমণ ঠেকানোর জন্য খেললেন ফুটবলাররা। সুযোগ কাজে লাগিয়ে ৭০ মিনিটে ব্যবধানটা ৩-০ তে উন্নীত করেন আবারো ডার্লিংটন ।
এর মধ্যে এই নাইজেরিয়ান এবং কাঞ্চন কয়েকবার গোল করার সুযোগ নষ্ট করেছেন। তা না হলে হ্যাটট্রিক নিয়ে ফিরতে পারতেন তিনি। কাঞ্চন হেড করেছিলেন ফাঁকা পোস্টে। বল গেল বাইরে। মুক্তিযোদ্ধা প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সাথে গোল শূন্য ড্র করেছিল।
আজকের খেলা - বিজেএমসি ঃ চট্টগ্রাম আবাহনী, কমলাপুর স্টেডিয়াম, ৩টা ১০, এটিএন বাংলা দেখাবে।
