পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সাবেক বিচারপতি খোসো

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২২:৩০
পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক বিচারপতি মির হাজার খান খোসোকে নির্বাচিত করেছে দেশটির নির্বাচন কমিশন। এর আগে রাজনৈতিক দলগুলো অনেক চেষ্টা করেও কাউকে নিয়োগ দিতে ব্যর্থ হয়। নির্বাচিত হওয়ার পর বিচারপতি খোসো সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করা হবে তার প্রধান কাজ। এদিকে শনিবার রাতে উত্তর ওয়াজিরিস্থানে আত্মঘাতী হামলায় ২২ সেনা নিহত হয়েছে। খবর বিবিসি ও ডন-এর। পাকিস্তান পিপলস পার্টির পক্ষ থেকে বিচারপতি খোসোর নাম প্রস্তাব করা হয়েছিল। গতকাল রবিবার প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি ফখরুদ্দিন জি ইব্রাহিম আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক বিচারপতি খোসোর নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশন সচিব জানান, প্রধানমন্ত্রীর নাম নির্ধারণে শনিবার রাতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। কিন্তু প্রথম বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় সন্ধ্যার পর আবার বৈঠকে বসে কমিশন। নির্বাচিত হওয়ার পর বিচারপতি খোসো সংবাদ মাধ্যমকে বলেন, আমি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে যথাসাধ্য চেষ্টা করবো। প্রয়োজন অনুযায়ী মন্ত্রিপরিষদ গঠন এবং সকল রাজনৈতিক দলগুলোকে সমান গুরুত্ব দেবেন বলে জানান তিনি। শিগগিরই তিনি নেতাদের সঙ্গে সাক্ষাত্ করার কথা জানান। গত ১৬ মার্চ দেশটির জাতীয় পরিষদ বিলুপ্ত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর নেতারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে পাকিস্তান পিপলস পার্টি ও নওয়াজ শরীফের মুসলিম লীগ থেকে চারজন করে আটজনের সমন্বয়ে একটি সংসদীয় কমিটি গঠিত হয়। কমিটি তিনদিন চেষ্টা করেও কাউকে নির্বাচনে ব্যর্থ হওয়ার পর সংবিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এর দায়ভার পড়ে নির্বাচন কমিশনের ওপর। এর আগে আট সদস্যের সংসদীয় কমিটি প্রধানমন্ত্রী পদের জন্য চারজনের নাম উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয়। ওই চারজনের তালিকায় ছিলেন ইসরাত হুসেইন, বিচারপতি নাসির আসলাম জাহিদ, রসুল বখস পালিজো ও মির হাজার খান খোসো। গতকাল নির্বাচন কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্য এই তালিকা থেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে খোসোর নাম চূড়ান্ত করেন। ফখরুদ্দিন জানান, খোসোর পক্ষে চারটি এবং বিপক্ষে একটি ভোট পড়ে। বোমা হামলায় ২২ সেনা নিহত এদিকে গত শনিবার গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে এক আত্মঘাতী হামলাকারী উত্তর ওয়াজিরিস্তানের মিরামশাহ এলাকায় সেনা চৌকিতে হামলা চালায়। সেই এলাকায় সেনা বাহিনীর ফ্রন্টিয়ার ওয়ার্কসের সদস্যরা বিভিন্ন প্রকল্পের কাজ করছিলেন। হামলায় নিহত সৈন্যের সংখ্যা বেড়ে ২২-এ পৌঁছেছে ও আহত হয়েছে ৩৫ জন।