জিল্লুর রহমানের মতো সর্বজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি প্রত্যাশা করি

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২২:৩২
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমানের মতো অভিভাবকতুল্য, সর্বজন গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওস্থ এলজিইডি মিলনায়তনে ইউএসএআইডি ও বাংলাদেশের স্থানীয়সরকার প্রকৌশল বিভাগের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজীনা এ কথা বলেন। তিনি বলেন, জিল্লুর রহমান ছিলেন প্রজ্ঞাবান, সবর্জনগ্রহণযোগ্য, অভিভাবকতুল্য ও বড় মনের মানুষ। আমি প্রত্যাশা করি, বাংলাদেশ তার মতো আরেকজন রাষ্ট্রপতি পাবে। এর আগে বাংলাদেশের কৃষি অবকাঠামো শক্তিশালী করার জন্য ইউএসএআইডি এবং স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের মধ্যে ১ কোটি ৫০ লাখ ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মজীনা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সত্যিকারের বন্ধু এবং শক্তিশালী অংশীদার। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্যের মান উন্নয়ন, দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রতি সহনশীলতা, সামরিক সহায়তা, পুলিশ বাহিনীর সংস্কার প্রভৃতি বিষয়ে বাংলাদেশের লক্ষ্যকে এগিয়ে নিতে সহায়তা করার জন্য গত বছর আমরা ২৩ কোটি ডলারের বেশি প্রদান করেছি। এই তালিকা আরো দীর্ঘ করা যেতে পারে। তিনি বলেন, অবশ্যই আমাদের অর্থনৈতিক বন্ধন অনেক বিস্তৃত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, বিনিয়োগের সবচেয়ে বড় উত্স, দ্বিতীয় বৃহত্তম দ্বিপক্ষীয় বিনিয়োগের অংশীদার। এই সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর রিচার্ড গ্রীন, স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান ও এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান উপস্থিত ছিলেন।