ভারতীয় পুলিশ ও বিএসএফ গত বৃহস্পতিবার বাংলাদেশি ছয় শিশুকে ধরে নিয়ে গেলেও গতকাল রবিবার পর্যন্ত তাদের ফেরত দেয়নি। ওই শিশুরা এখন ভারতের আগরতলায় উদয়পুর শিশু নিবাসে রয়েছে বলে জানা গেছে। আটক শিশুদের মুক্তির ব্যাপারে গতকাল দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জানানো হয়, আজ সোমবার বিষয়টি ভারতের বিচারিক আদালতে ওঠানো হবে। শিশুদের মুক্তির বিষয়টি নির্ধারণ করবে আদালত। বিজিবি কর্মকর্তারা বলেন, বিএসএফ কর্মকর্তারা তাদের জানিয়েছেন, তারা ধারণা করছে ২/১ দিনের মাধ্যে এর একটা সমাধান হবে।
ফেনীর ১৯ বিজিবি, এলাকাবাসী ও শিশুদের অভিভাবকরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে উত্তর বাউরখুমা এলাকায় একটি বাগানে শিশুরা খেলা করার সময় ২১৬০/৫ নম্বর পিলারের কাছ থেকে ভারতীয় পুলিশ ও বিএসএফ এই ছয় শিশুকে ধরে নিয়ে যায়।
ধরে নিয়ে যাওয়া শিশুরা হলো: উত্তর বাউরখুমা এলাকার নবির ছেলে শিমুল (৮), শাহ আলমের ছেলে সোহেল (৮), বড়ুয়ার ছেলে নয়ন (৮), স্বপনের ছেলে বাবু (৮), হারুনের মেয়ে নাজমা আক্তার (৯), জাহাঙ্গীরের মেয়ে সালমা আক্তার (৫)। ওই শিশুদের বাড়িতে এখন কান্নার রোল পড়েছে। কেউ বাড়িতে গেলেই অভিভাবকরা জিজ্ঞাসা করছে কবে মুক্তি পাবে তাদের প্রিয় সন্তানেরা। আটক শিশুদের অভিভাবকরা বিষয়টি বিলোনিয়াস্থ মজুমদারহাট বিজিবি কোম্পানি সদরে জানান। এ নিয়ে মজুমদারহাট বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার রুহুল আমিন ও বিলোনিয়া বিএসএফের কোম্পানি কমান্ডার এসআই রাওয়াতের নেতৃত্বে কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে। ফেনীর জায়লস্করাস্থ ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সোহরাব হোসেন ও ভারতের ৮৯ বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট কৃষাণ লালের নেতৃত্বে গতকাল দুপুরে পতাকা বৈঠক হয়েছে।
