বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

আপডেট : ০৬ মে ২০১৯, ১৪:৪৩

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। 

প্রকাশিত ফলাফল অনুযায়ী এবার পাসের হার ৮২.২০ শতাংশ। গতবার পাসের ৭৭ দশমিক ৭৭ শতাংশ। তাই গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে শতকরা ৪.৪৩ ভাগ। চলতি বছর এসএসসি ও সমমানে মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫ হাজার ৫৯৪ জন। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত পরিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। সেই হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার ৩৫ জন। 

আরও পড়ুন : পদ্মা সেতুর ১২তম স্প্যান বসছে আজ

এবার এসএসসিতে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয় ৫ মার্চ। মাদরাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এদের মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

ইত্তেফাক/কেআই