তোমাকে দেখলে আমার খুব হিংসে হয়।
এখন এই ভরদুপুরে রমনার সবুজ গাছের ছায়ায় বসে
তুমি আলিঙ্গন করছ একটি বকুলবৃক্ষকে।
তোমার মাথার উপরের যে শাখায় বসে
একটি দোয়েল উপভোগ করছে
তোমার কামনা-কম্পিত দেহের অনিঃশেষ শিহরন,
এই মুহূর্তে তার মতো সৌভাগ্যবান
পৃথিবীতে আর কেউ নেই।
মাঝে মাঝে মনে হয় গোলাপ কিংবা কৃষ্ণচূড়া নয়
রমনার অসংখ্য বৃক্ষের মাঝে
আমি যেন একদিন একটি বকুলবৃক্ষ হয়ে জন্মাই।
