পণ্য বা সেবার বিক্রি বাড়ানো কিংবা এগুলোকে অন্যের সাথে পরিচিত করে তোলার বাইরে বিলবোর্ডের মতো বিজ্ঞাপনী হাতিয়ারের আর কোনো উপযোগিতা কখনোই ছিল না। তবে প্রথাগত এই ধারণা আর বাস্তবতাকেই এবার আমূল পাল্টে দিয়েছেন লিমার ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ইউটিইসি) এবং বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান মায়ো পেরু গ্রাফটএফসিবির কর্মীরা। তাদের যৌথ উদ্যোগে তৈরি ব্যতিক্রমী এক বিলবোর্ডের সুবাদে পেরুর রাজধানী লিমার দক্ষিণে অবস্থিত বুজামা গ্রামের অনেকেই দৈনিক উল্লে¬খযোগ্য পরিমাণে সুপেয় পানির যোগান পাচ্ছেন। আর এসবকিছুই সম্ভব হয়েছে ব্যতিক্রমী বিজ্ঞাপনী চিন্তার সাথে প্রযুক্তির কার্যকর সমন্বয়ের ফলে। ঘটনার বিবরণে জানা যায়, ল্যাটিন আমেরিকার বেশ কিছু অঞ্চলের মতো পেরুর দক্ষিণে অবস্থিত বুজামা গ্রামের অধিবাসীদেরও প্রতিনিয়তই সংগ্রাম করতে হয় বিশুদ্ধ পানির জন্য। মূলত এই অঞ্চলের চরমভাবাপন্ন আবহাওয়া এবং মরুভূমি সদৃশ ভূ-প্রকৃতিই সুপেয় পানির এই সংকটকে প্রকট করে তুলেছে। তবে ভূগর্ভস্থ সুপেয় পানি বা বৃষ্টির অভাব থাকলেও এখানকার বাতাসে আদ্রতার পরিমাণ কখনো কখনো ৯৮ শতাংশ পর্যন্ত হয়। আর বাতাসের এই আদ্রতাকে কাজে লাগিয়েই পানি উত্পাদনের প্রক্রিয়া স্থাপন করা হয়েছে ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির এই বিলবোর্ডটিতে। মূলত পানি বিশুদ্ধকরণ ফিল্টারের প্রচারণার জন্য করা হলেও ইউটিইসির এই বিলবোর্ডটি এখন গোটা বুজামা গ্রামের অধিবাসীদের জন্যই এক আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। বর্তমানে দৈনিক এই বিলবোর্ড থেকে মাত্র ৯৮ লিটার সুপেয় পানি পাওয়া গেলেও তীব্র পানি সংকটে ভোগা গ্রামবাসীদের জন্য এটি সুপেয় পানির অনেক বড় একটি উেস পরিণত হয়েছে। এই বিলবোর্ডটি কীভাবে কাজ করে তা জানাতে গিয়ে ইউটিইসি-এর মুখপাত্র জেসিকা জানান, ‘সুপেয় পানি উত্পাদনের প্রথম ধাপ হিসেবে বিলবোর্ডে স্থাপিত বিশেষ প্যানেলের সাহায্যে বাতাসের জলীয় বাস্পকে আটকে ফেলা হয়। পরবর্তীতে ফিল্টার এবং কনডেনসারসহ বিলবোর্ড প্যানেলটিতে রাখা পাঁচটি ডিভাইসের সাহায্যে জলীয় বাষ্পকে বিশুদ্ধ পানিতে পরিণত করে একটি ট্যাংকে জমা করা হয়। আর ট্যাংক থেকে বরিয়ে আসা পাইপের সঙ্গে সংযুক্ত কল থেকে সহজেই সংগ্রহ করা যায় খাবার পানি। জেসিকা আশা করেন, মাত্র ১২০০ ডলার খরচে তৈরি এই বিলবোর্ডটির মতো পেরুর দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে আরও কিছু বিলবোর্ড স্থাপন করা হলে তা এ অঞ্চলের পানি সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
