পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘হূদয়ে ৭১’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আজ এটিএন বাংলায়। রোকেয়া ইসলামের কাহিনীতে চলচ্চিত্রটির কাহিনী বিন্যাস ও সংলাপ রচনা করেছেন মির্জা রাকিব। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, রুমানা, আন্না, সাগর, সাইফ খান, রাখী, শহীদুল আলম সাচ্চু, হীরা, আশরাফ কবীর, আব্বাসউল্লাহ, মারুফ, আমীর, উদয় খান, নিশু রহমান প্রমুখ। কাহিনীতে দেখা যাবে—মুক্তিযুদ্ধ ও একাত্তরের আদর্শ বুকে নিয়ে যুদ্ধ পরবর্তী বাংলাদেশ দেখতে আসে মল্লিকা। দেশে এসে তার এক সময়ের সহযোদ্ধা ও ভালোবাসার মানুষ মাহমুদের বাড়িতে ওঠে। মাহমুদ একজন ব্যবসায়ী। সে বিপত্নীক। ভার্সিটিপড়ুয়া দুই ভাগ্নি রিয়া আর পিয়াকে নিয়েই তার জীবন। রিয়া-পিয়াও মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের ভেতর ধারণ করেছে। এভাবেই এগিয়ে যায় চলচ্চিত্রটির গল্প।
