যোদ্ধা ও জননীর গল্প

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ১৯:৩৯
মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটকে অভিনয় করেছেন অভিনেতা টুটুল চৌধুরী। মেজবাউদ্দিন সুমনের রচনা এবং মিজানুর রহমান লাবুর পরিচালনায় নাটকের নাম ‘যোদ্ধা ও জননীর গল্প’। এ নাটকে তিনি বাচ্চু রাজাকারের চরিত্রে অভিনয় করেছেন। নাটকের গল্পে দেখা যাবে, বাচ্চু রাজাকার এক প্রতিবন্ধীর কাছে এক মুক্তিযোদ্ধাকে দেখার দায়িত্ব দিয়ে অন্য একটি অপারেশনে যায়। এরই মধ্যে ওই প্রতিবন্ধীর মা আসে সেখানে। মুক্তিযোদ্ধার কথা শুনে মায়া লাগে তার। তিনি তাকে ছেড়ে দেন। ঘটনা বুঝতে পেরে রাজাকার প্রতিবন্ধীকে ধরে রাখে বিনিময়ে সে ওই যোদ্ধাকে চায় তার মার কাছে। মা ছুটে যায় মুক্তিযোদ্ধা ক্যাম্পে। সেখানে গিয়ে তিনি দেখেন তারা একটি অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন। দেশের কথা চিন্তা করে মা তাদের আর বাধা দেয় না। আর এরই মধ্যে মুক্তিযোদ্ধাকে হাতে না পেয়ে রাজাকার বাচ্চু তাকে জবাই করে ফেলে। এমনিভাবে চলতে থাকে নাটকের গল্প। এ প্রসঙ্গে টুটুল চৌধুরী বলেন, ‘নাটকের গল্পটি আমার ভালো লেগেছে। নাটকটির জন্য প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী অনেক কষ্ট করেছেন। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’ উল্লেখ্য, নাটকটি আজ রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।