কোনো প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ন্যূনতম ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এমন শর্ত উপেক্ষা করে নতুন সিইও হিসেবে অধ্যাপক স্বপন কুমার বালাকে মনোয়ন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল সোমবার এ ব্যাপারে অনাপত্তিমূলক সার্টিফিকেট (এনওসি) পেতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে। বিএসইসি’র এনওসি পাওয়ার পরই স্বপন কুমার বালাকে নিয়োগপত্র দেয়ার কথা রয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শিগগরিই ডিএসই ডিমিউচুয়ালাইজেশনের আওতায় আসছে। ফলে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ডিএসই লাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এ জন্যই সিইও নিয়োগের ক্ষেত্রে কোন কোম্পানির সিইও বা এমডি পদের অভিজ্ঞতাকে শর্ত হিসেবে জুড়ে দেয়া হয়েছিল। তাছাড়া এমনিতেই দীর্ঘদিন ধরে বাজারে মন্দা চলছে এবং ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন করতে হবে। তাই ডিএসই পরিচালনা করতে নতুন সিইওকে বড় চ্যালেঞ্জে পড়তে হবে। সিইও পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যতম শর্ত ছিল, যে কোন খ্যাতনামা আর্থিক, ব্যবসায়িক বা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা অথবা নেতৃত্ব অথবা শিক্ষকতা পেশায় ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ৩ বছর প্রতিষ্ঠানের সিইও অথবা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে থাকার অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগের শর্ত পূরণ না হলেও স্বপন কুমার বালাকে সিইও হিসেবে মনোনয়নের কারণ জানতে চাইলে ডিএসই’র প্রেসিডেন্ট রকিবুর রহমান বলেন, এটি বোর্ডের সিদ্ধান্ত। আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেইনি। বোর্ডের ২৫ জন পরিচালক মিলে এ ব্যাপারে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, সিইও পদে নিয়োগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের শিক্ষক ড. মিজানুর রহমান এবং একই বিভাগের ড. স্বপন কুমার বালাকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছিল। তবে দুজনের কারোরই কোম্পানি পরিচালনার অভিজ্ঞতা নেই। সিইও পদে আবেদনের শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও আবেদনের কারণ জানতে স্বপন কুমার বালার সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিইও পদে মোট ১১টি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ৬ জনকে সাক্ষাত্কারের জন্য মনোনীত করা হয়েছিল। এদের মধ্যে ৫ জন সাক্ষাত্কার দিয়েছে এবং সাক্ষাত্কারের ভিত্তিতে স্বপন কুমার বালাকে সিইও হিসাবে মনোনীত করেছে ডিএসই। সিইও নিয়োগের বিষয়ে ডিএসইর একজন পরিচালক বলেন, সিইও বা এমডি হিসাবে স্বপন কুমার বালার অভিজ্ঞতা নেই, এটা সত্য। তবে পুঁজিবাজার নিয়ে তার অভিজ্ঞতা রয়েছে। ভবিষ্যতে ডিএসইর ডিমিউচুয়ালইজেশন প্রক্রিয়া শুরু হবে এবং এতে করের (টেক্সেশান) বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়েও তিনি যথেষ্ট অভিজ্ঞ। তিনি আরো বলেন, শর্ত অনুযায়ী আমরা যোগ্য লোক খুঁজে পাইনি। একটি বেসরকারি প্রতিষ্ঠানকেও দায়িত্ব দেয়া হয়েছিল। তারাও যোগ্য লোক খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। এ কারণে আমরা শেষ পর্যন্ত তাকেই সিইও হিসাবে মনোনয়ন দিয়েছি।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি সাবেক সিইও ড. মোশাররফ এম হোসেন পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য রয়েছে।
