সমস্যা দেখছেন না ওয়াটসন

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:০৩
সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের কথা মনে রাখতেই চাইবে না অস্ট্রেলিয়া, রাখতে চাইবেন না প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে মাঠে নামা শেন ওয়াটসন। গত রবিবার ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৪-০ ম্যাচে হোয়াইটওয়াশ হওয়ার অন্যতম মূল কারণ অস্ট্রেলিয়া দলের টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। তবে, ব্যাটিং ব্যর্থতাকে বড় করে দেখতে চাইছেন না ওয়াটসন। তিনি জানান, যদি ভারতীয় ব্যাটিং কিংবদন্তী শচিন টেন্ডুলকারের সমস্যা হয় তাহলে অজিদের সমস্যা হওয়া বড় কোন ঘটনা নয়! ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়াটসন বলেন, ‘টপ অর্ডারের ব্যাটসম্যানরা যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু কখনো কখনো একটি খারাপ শট খেলাই সব কিছু শেষ করে দিতে পারে। কন্ডিশন ও উইকেটও ছিল বেশ কঠিন। আপনাদের বিবেচনায় নিতে হবে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন শচিন টেন্ডুলকারও এমন ধরনের কন্ডিশনে বেশ সমস্যায় পড়েছে। সুতরাং এটা ভেবে বরং আমাদের তরুণ খেলোয়াড় উত্সাহিত হতে পারে যে সমস্যা কেবলমাত্র তাদেরই হয়নি।’ এ সিরিজে ব্যক্তিগতভাবে ভাল করতে না পারার দায়িত্ব স্বীকার করেন ওয়াটসন। তার সর্বোচ্চ স্কোর ছিল ২৮। তিনি বলেন, ‘যেহেতু আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি তাই আমার ভাল রান পাওয়া উচিত ছিল। কিন্তু পারিনি। একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসাবে আমি ব্যর্থ হয়েছি। একজন সিনিয়র ও অভিজ্ঞ ব্যাটসম্যান হিসাবে আমি দলকে সাহায্য করতে চেষ্টা করেছি কিন্তু পারিনি। এজন্য আমি ব্যক্তিগতভাবে দায় স্বীকার করছি। মিশেল স্টার্ক ও পিটার সিডল পুরো সিরিজেই সুন্দর ব্যাটিং করেছে দেখে ভাল লাগছে।’ জয়ের জন্য ১৫৫ রান যথেষ্ট ছিল কিনা এমন প্রশ্নের জবাবে হ্যাঁ বোধক জবাব দেন ওয়াটসন। তিনি বলেন, জয় থেকে ২০ রান আগেই ভারত গুটিয়ে যেতে পারে এমন আত্মবিশ্বাস তার ছিল। কুইন্সল্যান্ডের ৩১ বছর বয়সী এ ব্যাটসম্যান বলেন, ‘১৫৫ রান টার্গেট দিয়েও আমরা ম্যাচে ছিলাম বলে আমি মনে করি। কিন্তু আমাদের পরিকল্পনা মত সবকিছু হয়নি। ম্যাচে আমরা খুবই কাছাকাছি ছিলাম এবং অতিদ্রুত আমরা যদি এক অথবা দুটো উইকেট ফেলতে পারতাম তাহলে ম্যাচটি জয়ে আমাদের যথেষ্ট সম্ভাবনা ছিল। উইকেটের যে অবস্থা ছিল তাতে ভারত যখন জয় থেকে মাত্র ১৫-২০ রান দূরে ছিল তখনও আমার মনে হয়েছে আমরা জিততে পারি। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ও রবিবার ম্যাচজয়ী অপরাজিত ৮২ রান করা ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারার ভূয়সী প্রশংসা করেন ওয়াটসন। ওয়াটসন বলেন, ‘সত্যিই পুরো সিরিজ জুড়েই পুজারা চমত্কার ব্যাটিং করেছে। সে ঠিক পথেই এগোচ্ছে এবং ভালভাবে মনযোগী হয়ে অসাধারণ করছে। সবশেষে ওয়াটসন বলেন, এ সিরিজটা ছিল তাদের জন্য অভিজ্ঞতা অর্জনের। এমন হতাশাজনক পরাজয়ের পর তারা সামনের দিকে তাকাতে চান। - বাসস