আফগানিস্তানকে নরকে নিয়ে যাচ্ছে কারজাই :পাকিস্তান

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:১৪
বিশ্বাসযোগ্যতার অভাব ও শান্তি প্রচেষ্টা এগিয়ে নিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পৌঁছানোর দক্ষতার অভাবের কারণে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে আফগান শান্তি প্রচেষ্টার পথে প্রধান বাঁধা বলে মনে করছে পাকিস্তান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। আফগানিস্তানের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আফগানিস্তানে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সম্পর্কের কারণে এক্ষেত্রে পাকিস্তানের অবস্থান অগ্রাহ্য করা সম্ভব নয়। কিন্তু কারজাই সরকারের সন্দেহ, পাকিস্তান কাবুলে ইসলামাবাদপন্থী একটি সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে। তালেবানকে অব্যাহত সমর্থন দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্তও করেছে আফগানিস্তান, যদিও পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই শীর্ষ কর্মকর্তা বলেন, “এই মুহূর্তে, শান্তি প্রচেষ্টার পথে সবচেয়ে বড় বাঁধা কারজাই। একজন উদ্ধারকারীর মতো দেখালেও তিনি আফগানিস্তানকে সোজা নরকে নিয়ে যাচ্ছেন।” “২০১৪ সালের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানো না গেলে আফগানিস্তানে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেবে, এ নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আফগানিস্তান ভেঙে পড়বে, পাকিস্তানকেও এর ফল ভোগ করতে হবে,” বলেন তিনি। এই অভিযোগোর জবাবে আফগান সরকারের এক কর্মকর্তা বলেন, “এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করছি আমরা। এটি একটি ভিত্তিহীন অভিযোগ।” নিজ মেয়াদেই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে চান বলে জানিয়েছেন কারজাই। কিন্তু ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা সরিয়ে নেয়ার কথা, এজন্য যুক্তরাষ্ট্র তাড়াহুড়া করে তালেবানের সঙ্গে একটি ঝুঁকিপূর্ণ চুক্তি করে ফেলতে পারে বলে উদ্বিগ্ন হয়ে আছেন তিনি।