ময়মনসিংহের মুক্তাগাছায় দুল্ল¬া ইউনিয়নের কামারিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে রবিবার দুই পক্ষের দুইজন নিহত ও কমপক্ষে ১৫জন আহত হযেছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত ১০ জনকে আটক করেছে।
মুক্তাগাছা থানার ওসি ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে কামারিয়া গ্রামে ইমাম আলী, আব্দুর রহিমের সাথে ৬০ শতাংশ জমি নিয়ে একই গ্রামের লুত্ফুর মেম্বারের বিরোধ চলছিল। রবিবার সকালে আব্দুর রহিম (২৫) বিরোধকৃত জমিতে কাজ করতে (চাষ) গেলে প্রতিপক্ষ লুত্ফুর মেম্বার তার লোকজন নিয়ে অস্ত্র দিয়ে আব্দুর রহিমের উপর হামলা চালালে সংঘর্ষ বাঁধে। এসময় ঘটনাস্থলেই আব্দুর রহিম নিহত এবং উভয় পক্ষের ১৫জন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে প্রতিপক্ষের লুত্ফুর মেম্বার মারা যায়। আহত ১০জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন ১০জনকে আটক করেছে। এ ঘটনায় মুক্তাগাছা থানা হত্যা মামলা হয়েছে।
