মাদারীপুর সরকারি কলেজে ৩৮টি শিক্ষক পদ শূন্য

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:১৮
মাদারীপুর প্রতিনিধি জেলা সদরের সরকারি নাজিমউদ্দিন কলেজে বর্তমানে শিক্ষকের ৩৮পদ শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি কলেজটিতে বর্তমানে একমাত্র প্রভাষকেরই ১৬টি পদ শূন্য রয়েছে। সহকারী গ্রন্থাগারিকের একটি পদ ও শরীরচর্চা শিক্ষকের একটি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। বর্তমানে ভূগোল ও কৃষিশিক্ষা বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষকের ৪টি সৃষ্ট পদে কোন শিক্ষক নেই। জানা যায়, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন বিভাগে একটি করে ৪টি এবং বাংলা বিভাগে ২টি সহযোগী অধ্যাপকের পদ বর্তমানে শূন্য। ইংরেজি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সংস্কৃতি, হিসাব বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও ব্যবস্থাপনা বিভাগে একটি করে ১১টি পদ বর্তমানে শূন্য রয়েছে। অর্থনীতি, বাংলা ও উদ্ভিদবিদ্যা বিভাগে ২টি করে ৬টি প্রভাষকের পদ, ইংরেজি বিভাগে ৩টি প্রভাষকের পদ এবং দর্শন, পদার্থবিদ্যা, ব্যবস্থাপনা বিভাগ, ইসলামের ইতিহাস ও হিসাব বিজ্ঞান বিভাগে একটি করে ৫টি প্রভাষকের পদ শূন্য রয়েছে। এছাড়াও প্রাণিবিদ্যা, রসায়ন বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞান বিভাগে একটি করে প্রদর্শকের ৩টি পদ বর্তমানে শূন্য। স্থানীয় অভিভাবকমহল মাদারীপুরের ঐতিহ্যবাহী এই কলেজটিতে শিক্ষকের শূন্য পদগুলো পূরণের আবেদন জানিয়েছেন।