মতলবে ম্যাজিষ্ট্রেটের ওপর জলদস্যুদের হামলা

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:১৯
মেঘনা নদীতে জাটকা রক্ষায় অভিযান চলাকালীন গত রবিবার রাতে মেঘনা নদীর পশ্চিম তীরে মুন্সিগঞ্জের কালিরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অভিযানে অংশ নেয়া মত্স্য কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা করে জেলে ও জলদস্যুরা। এ সময় তারা লগি-বৈঠা, ইট-পাটকেল-পাথর নিক্ষেপসহ লাটিসোটা নিয়ে হামলা চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের নির্দেশে আত্মরক্ষায় পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। মতলব উত্তর উপজেলা মত্স্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ মৃধা জানান, ইউএনও আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির এটি এসআই আবু তৈয়বসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫টি মাছ ধরার ট্রলারসহ ১১ জন জেলে ও ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। পরে মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদী তীরে আটককৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। আটককৃত জেলে ও মাছ ধরার ট্রলার থেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, কালিরচর এলাকায় জেলে নৌকা লক্ষ্য করে ধাওয়া করলে জেলে ও জলদস্যুরা আমাদের ওপর পাল্টা হামলা চালায়। আমাদের লক্ষ্য করে ইট পাটকেল পাথর ছুঁড়তে থাকে। এ অবস্থা থেকে রেহাই পেতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ৫ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয়।