বান্দরবানে অতিরিক্ত ভর্তি ফির প্রতিবাদে মিছিল

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:১৯
বান্দরবান প্রতিনিধি অতিরিক্ত ভর্তি ফি নেয়ার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে বান্দরবান সরকারি কলেজ থেকে প্রেসক্লাবে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন করে ছাত্র-ছাত্রীরা। এ সময় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি ওমর বিন মোরশেদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান মেহেদী, কলেজ ছাত্রলীগের আহবায়ক এহসানুল হক রুমসহ অন্যরা। বক্তারা বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স তৃতীয় বর্ষে ভর্তি ফি নেয়া হচ্ছে ১১শ থেকে ১২শ টাকা। সেখানে বান্দরবানে নেয়া হচ্ছে ১৬শ থেকে সাড়ে ১৭শ টাকা পর্যন্ত। পিছিয়ে পড়া পার্বত্য জেলা বান্দরবানের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের কাছ থেকে অবিলম্বে অতিরিক্ত ভর্তি ফি আদায় বন্ধ করতে হবে। পরে একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।