এ সরকারের কাছে গণতন্ত্র ও সংবিধান নিরাপদ নয়

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:২০
 বামনা (বরগুনা) সংবাদদাতা বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, এ সরকারের কাছে গণতন্ত্র ও সংবিধান কোন কিছুই নিরাপদ নয়। দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই। বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ সরকারের আমলে জনগণের জানমালের কোন নিরাপত্তা নাই। তিনি আরও বলেন, বিরোধী দলের কর্মসূচি বানচাল ও বিরোধী নেতাদের হত্যা করার জন্যই শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দেয়া হচ্ছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে । ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে । গতকাল সোমবার বরগুনা জেলার বামনা উপজেলার দধিভাঙ্গা বাজারে এক কর্মী সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আবু সাইদ মোল্লার সভাপতিত্বে উক্ত কর্মী সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ রানা, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ এনায়েত কবীর হাওলাদার, সাধারণ সাংগঠনিক সম্পাদক খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ প্রমুখ।