কিশোরগঞ্জে ১৪ ডাকাতের কারাদণ্ড

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:২০
কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জে ১৪ ডাকাতকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জেলা ও দায়রা জজ আ.ম. মো. সাঈদ গত রবিবার এই রায় প্রদান করেন। দণ্ডিতরা হল: মোহাম্মদ আলী, ইদ্রিছ, নূরুল ইসলাম, জাকির মিয়া, সোলেমান, শরিয়তউল্লাহ, সাইফুল, বাদল, জামান, মধু মিয়া, মন্নাফ, সেলিম, কাজল ও ইয়াছিন। সাক্ষ্য-প্রমাণের অভাবে চারজনকে বেকসুর খালাস দেয়া হয়। দণ্ডিতদের মধ্যে নূরুল ইসলাম, জাকির, মন্নাফ, সেলিম ও ইয়াছিন পলাতক রয়েছে। ১৯৯৬ সনের ১০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ভৈরব উপজেলার পানাউল্লারচরে আসলে একদল ডাকাত হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ক্যাসেট রেকর্ডারসহ যাত্রীদের মূল্যবান মালামাল নিয়ে যায়। এ ঘটনায় বাসযাত্রী খাদেমুল ইসলাম বাদি হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করার পর পুলিশ তদন্তশেষে ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।