গাজীপুরে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহূত এক ব্যক্তিকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশের গুলিতে আহত এক অপহরণকারীকে আটক এবং ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
অপহূতের নাম আঃ গফুর (২৮) সে কক্সবাজারের টেকনাফ থানার নয়াবাজার গ্রামের মৃত কবির হোসেনের ছেলে। রবিবার রাতে সদর উপজেলার দেশীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের জানান, রবিবার রাতে সদর উপজেলার দেশীপাড়া এলাকায় অপহরণকারী চক্র অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে তিনি পরিদর্শক মোঃ আছাদুর রহমান, এসআই আঃ সালাম, এসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দেশীপাড়া এলাকার একটি ধানের চাতালের পাশে স্থানীয় লাভলু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় পুলিশ পাল্টা গুলি করলে অপহরণকারী চক্রের সদস্য এমরান হোসেন (২৬) গুলিবিদ্ধ হন। পরে পরিত্যক্ত অবস্থায় আরেকটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আটককৃত এমরান সদর উপজেলার দেশীপাড়া এলাকার ইমান উদ্দিন মাস্টারের ছেলে। অপহূত গফুর কক্সবাজারের টেকনাফ এলাকায় ডাব বিক্রি করত। সে জানায়, অপহরণকারীরা তাকে চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফ থেকে গাজীপুরে নিয়ে আসে। অপহরণের পর তার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার পরিবারের সদস্যদের কাছে মোবাইলে কথা বলানো হয়। মুক্তিপণের টাকার জন্য অপহরণকারীরা অপহূত গফুরকে শারীরিকভাবে নির্যাতন করে আহত করে।
