বাঁশখালীতে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৮

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২২:১০
বাঁশখালীতে গত রবিবার দুপুরে উপজেলা বিএনপি-ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত ছাত্রদলের উপজেলা অর্থ সম্পাদক ও কাথরিয়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রাসেল ও ছাত্রলীগ নেতা ইকবালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছাত্রলীগ কর্মী হাছান ও টিপুকে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এমপি জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলা বিএনপির মিছিলটি উত্তর জলদী অলিমিয়ার দোকান এলাকা থেকে উপজেলা সদরে পৌঁছলে বিপরীত দিক থেকে পৌরসভা ছাত্রলীগের সেক্রেটারী মোহাম্মদ সিরাজের নেতৃত্বে আসা একটি মিছিল মুখোমুখি হলে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে বাঁশখালী থানার ওসি কামরুল হাছান পিপিএমের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীকে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। সংঘর্ষের ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দায়ী করেছে। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলা চেয়ারম্যানকে পুলিশ রিমান্ড আবেদনের শুনানির জন্য বাঁশখালী আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান উপজেলা চেয়ারম্যানের ৭ দিনের রিমান্ডের আবেদন জানালেও আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।