পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মেজবাহ উদ্দিন, সাতক্ষীরার পুলিশ সুপার আসাদুজ্জামান, দিনাজপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, গাইবান্ধার পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামসহ ২৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮ টার দিকে পুলিশ সদর দফতর থেকে এ নির্দেশ দেয়া হয়।
যুদ্ধাপরাধ ট্রাব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয়ার পর সারাদেশে জামায়াত-শিবির ত্রাসের রাজত্ব কায়েম করে। এ হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ঐ সব এলাকার পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়। পুলিশ সদর দফতরের একটি সূত্র জানায়, এই ২৪ পুলিশ কর্মকর্তার মধ্যে কারো কারো বিরুদ্ধে জামায়াত ও শিবিরের নেতাদের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনও হয়েছে। বিশেষ করে সাতক্ষীরা, বগুড়া, গাইবান্ধা, চট্টগ্রামের সাতকানিয়া, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় জামায়াত-শিবিরের হামলা ঠেকাতে পুলিশ ব্যর্থ হয়। প্রত্যাহার করা পুলিশ কর্মকর্তাদের তালিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন উপ-কমিশনার, সাতকানিয়ার সার্কেল এএসপিও রয়েছেন।
