দিনটি ছিল ১৫ মার্চ শুক্রবার। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনার মাধ্যমে সমিতির সদস্যরা অনুষ্ঠান কিভাবে করবে তার সিদ্ধান্ত নেয়। আয়োজন নিয়ে ক্যাম্পাসের সাংবাদিকদের মধ্যে উত্সবমুখর পরিবেশ বিরাজ করে। এ আনন্দ আয়োজনে সমিতির বর্তমান সদস্যের পাশাপাশি এর প্রাক্তন সদস্যরাও অংশগ্রহণ করে। সিনিয়র আর জুনিয়র সাংবাদিকরা দু’গ্রুপে ভাগ হয়ে খেলে। খেলায় অবশ্য জুনিয়র গ্রুপরা জয়লাভ করতে সমর্থ হয়। পরে শুরু হয় আকর্ষণীয় ফুটবল খেলা। অনেকেরই ফুটবল খেলার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও সবার সাথে আনন্দ-উল্লাস করার জন্য ফুটবল খেলতে নামে। দুপুরের পূর্ব পর্যন্ত চলে এ খেলা। পরে আবার আনন্দ-ফুর্তিতে নেমে পরে সমিতির ছোট-বড় সব সদস্য। বাজানোর জন্য সবার হাতে দেত্য়া হয় বাঁশি। সকলে বাঁশি বাজাতে ব্যস্ত আর আনন্দে আত্মহারা। এমন দিন আবার কবে যে আসে! সবাই বাঁশি বাজাতে বাজাতে যায় বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম বোটানিক্যাল গার্ডেনে। পুরো গার্ডেন প্রদক্ষিণ শেষে গার্ডেনের অভ্যন্তরে আনন্দে মশগুল হয়ে পড়ে সবাই। এরপর কিছুটা বিশ্রাম নিয়ে যায় ব্রহ্মপুত্র নদে নৌকা ভ্রমণে। গান আর হাসি-ঠাট্টায় নৌকা ভ্রমণ বেশ উপভোগ্য হয়ে উঠেছিল।
