আজ বিশ্ব নাট্য দিবস

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২০:১৭
আজ ২৭ মার্চ বিশ্বনাট্য দিবস। প্রতি বছরের মতো এ দিবসটি উদযাপনের লক্ষে আইটিআই, বাংলাদেশ কেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বাংলাদেশ পথনাটক পরিষদের সাথে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বছর বিশ্ব নাট্যদিবসের বাণী পাঠিয়েছেন ইতালীর প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা দারিও ফো। বিশ্ব নাট্যদিবস উপলক্ষে নাট্যকর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে র্যালি শুরু হবে শাহবাগ চত্বর থেকে বিকাল ৪টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আইটিআই, বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে আয়োজিতব্য অনুষ্ঠানে বিশ্ব নাট্যদিবস বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক শফি আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইটিআই আন্তর্জাতিক কেন্দ্রের সভাপতি রামেন্দু মজুমদার। এ বছর বিশ্ব নাট্যদিবস সম্মাননা প্রদান করা হবে শিল্পী মুস্তাফা মনোয়ার এবং অভিনেতা ও নির্দেশক খালেদ খানকে।