নিজের লেখালেখি আর গান নিয়ে বেশ ব্যস্ততায় কাটছে মানিকের সময়। তবে দীর্ঘদিন পর আবারও নিজের একক অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি মিউজিক ট্র্যাকের কাজও শেষ হয়েছে। এ ছাড়া আমিরুল মোমেনিন মানিকের সমন্বয় ও তত্ত্বাবধানে এপ্রিলেই আসছে একটি মিশ্র অ্যালবাম। যে অ্যালবামে গান গেয়েছেন মালা, শহীদ, তৌসিফ, লুত্ফর হাসান, জুয়েল মোর্শেদ, অপরাজিতাসহ এ সময়ের জনপ্রিয় তারকা শিল্পী। উল্লেখ্য, সর্বশেষ মানিক কলকাতার নচিকেতার সাথে তার একটি ডুয়েট অ্যালবাম প্রকাশ করে বাজারে বেশ সাড়া ফেলেছিলেন। নিজের মিক্স অ্যালবাম প্রসঙ্গে মানিক বলেন, ‘দীর্ঘদিন ধরেই এই অ্যালবামের কাজ করছি। আশা করছি এপ্রিলেই অ্যালবামটি মুক্তি দিতে পারব। এ ছাড়া আগামী ‘মা’ দিবসে মাকে নিয়ে বিশেষ একটি অ্যালবামেরও কথা চলছে। সেই অ্যালবামটিরও কাজ এরই মধ্যে শুরু করব। ইচ্ছে আছে প্রতিবছরই এমন কিছু ভালো থিম নিয়ে কিছু কাজ করে যাওয়ার। এর পাশাপাশি সম্প্রতি জাপানে অনুষ্ঠিত দশদিক মিডিয়া অ্যাওয়ার্ডের জন্যও একটি থিম সংয়ের কাজ করলাম। যে থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন আসিফ, আগুন, পুলক, লিজা ও আমি। এ গানটিও প্রবাসীদের কাছে ব্যপক প্রশংসিত হয়েছে। তবে বর্তমানে আমার আগামী মাসের অ্যালবামটি নিয়েই ব্যস্ত রয়েছি। আশা করি বৈশাখ উপলক্ষেই অ্যালবামটি শ্রোতাদের দিতে পারব।’
