ঢাকায় চলছে ‘বিডি আইডল’ -এর অডিশন

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২০:১৮
তারুণ্যের উচ্ছলতার মধ্য দিয়ে জমকালো আয়োজনে চলছে ঢাকা অঞ্চলের বহুল কাঙ্ক্ষিত ‘বাংলাদেশি আইডল’-এর অডিশন। পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অডিশন শেষ করে ‘বাংলাদেশি আইডল’-এর প্রাথমিক বাছাই দল গেল দুইদিন ধরে ঢাকায়। ২৫ মার্চ থেকে মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া এই প্রাথমিক বাছাই পর্ব প্রতিদিন সকাল সন্ধ্যা চলবে ৩০ মার্চ পর্যন্ত। এমনটাই জানায় ‘বাংলাদেশি আইডল’ আয়োজক প্রতিষ্ঠান ডেল্টা বে। এদিকে বহুল কাঙ্ক্ষিত এই ঢাকা অঞ্চলের প্রাথমিক বাছাই পর্বে গেল দুই দিনে হাজারো তরুণ-তরুণী আর অভিভাবকদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। অংশগ্রহণকারী প্রতিযোগীরা মাঝে মধ্যে উত্তেজনাও ছড়িয়েছেন আয়োজকদের অব্যবস্থাপনার কথা বলে। উল্লেখ্য, দেশের ৮টি জোনের পর শেষ জোন হিসেবে ২৫ মার্চ থেকে শুরু হলো বাংলাদেশি আইডলের ঢাকা অঞ্চলের অডিশন, আর তা চলবে ৩০ মার্চ পর্যন্ত।