ইত্তেফাক রিপোর্ট
ব্যাংকিং খাতের প্রকৃত চিত্র তুলে ধরার মাধ্যমে এ খাতের শৃংখলা ফেরাতে ক্যামেলস রেটিং নীতিমালায় পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। আগে ক্যামেলস রেটিং এ ৪২ ক্যাটাগরিতে সূচকগুলো দেখা হতো নতুন নিয়মে এর সঙ্গে আরো ১০টি ক্যাটাগরি যোগ হচ্ছে। এসব ক্যাটাগরির ভিত্তিতে ক্যামেল রেটিং করা হবে বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে।
সূত্রমতে, হলমার্ক কেলেঙ্কারিসহ ব্যাংকিং খাতের বিভিন্ন কেলেঙ্কারিতে নতুন নতুন পদ্ধতির আশ্রয় নিয়েছে যোগসাজশকারী ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্ট গ্রাহকরা। আর ওইসব কেলেঙ্কারি বড় ধরনের অপরাধ হলেও উপযুক্ত নীতিমালা না থাকার কারণে ব্যাংকগুলোর রেটিং এ কোন ধরনের নেতিবাচক প্রভাব পড়ছিল না। এজন্য ক্যামেলস রেটিং-এ নতুন করে এসব বিষয় সংযুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।
নতুন নীতিমালায় ঋণপত্র (এলসি), ইনল্যান্ড বিল পারচেজ (আইপিবি), বৈদেশিক বিল পারচেজ (এফবিপি), ঋণ বিপরীতে আস্থা স্থাপন রশিদ (এলটিআর), লেনদেনের বিপরীতে নথি (প্যাড), ঋণের বিপরীতে ইমপোর্টেড মালামাল সংক্রান্ত কাগজ (এলআইএম) ক্যামেলস রেটিং করার সময় বিবেচনায় নেয়া হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ক্যামেলস রেটিং নীতিমালা পরিবর্তন করতে ইতিমধ্যে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে এ কাজ শেষ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। ওই কমিটির প্রধান হিসাবে রয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। বৈশ্বিক অথনৈতিক ধসকে মাথায় নিয়ে ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততাকে গাইড লাইনে প্রাধান্য দেয়া হবে বলে জানা গেছে। এ কমিটির একজন কর্মকর্তা জানান, নতুন গাইডলাইন তৈরি হলে ব্যাংকগুলোর অস্বাভাবিক অর্থনৈতিক অবস্থা সহ্য করার ক্ষমতা বেড়ে যাওয়ার পাশাপাশি আর্থিক ঝুঁকি কমে যাবে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্যামেল (ক্যাপিটাল অ্যাডেকোয়েসি বা মূলধনের পর্যাপ্ততা, অ্যাসেট কোয়ালিটি বা সম্পদের গুণগত মান, ম্যানেজমেন্ট বা পরিচালনা, আর্নিংস বা উপার্জন ক্ষমতা এবং লিকুউইডিটি বা নগদে রূপান্তর) রেটিং এর ভিত্তিতে বাংলাদেশে ক্যামেলস (সেন্সেভিটি টু মার্কেট রিস্ক বা বাজার ঝুঁকিতে সংবেদনশীলতা, বাংলাদেশের ক্ষেত্রে এটা অতিরিক্ত) রেটিং করা হয়। এ রেটিং এর মাধ্যমে ব্যাংকগুলোর পরিস্থিতি মূল্যায়ন করা হয়।
