বাঙ্গুইয়ে দক্ষিণ আফ্রিকার ১৩ সেনা নিহত

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২০:৫১
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের বিদ্রোহী নেতা মাইকেল জোতদিয়া দেশটির সংবিধান স্থগিত এবং পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন। বিদ্রোহী গ্রুপ সেলেকা রাজধানী বাঙ্গুই দখল করে নেয়ার একদিন পর সোমবার গ্রুপটির এই নেতা এ ঘোষণা দেন। এদিকে রবিবার রাজধানী বাঙ্গুই-এর সেলেকা বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ আফ্রিকার অন্তত ১৩ সেনা নিহত হয়েছে। সপ্তাহান্তে বিদ্রোহীরা প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে বাঙ্গুই দখল নিয়েছে। প্রেসিডেন্ট ফ্রান্সিস বোজিজ প্রতিবেশী ক্যামেরুনে পালিয়ে গেছেন বলে সোমবার এক বেতার বার্তায় জানিয়েছেন তিনি। বিদ্রোহী নেতা জোতদিয়া দৃঢ়তার সাথে বলেন, ‘আমি মনে করি ২০০৪ সালে করা সংবিধান স্থগিত করার প্রয়োজনীয়তা রয়েছে এবং পার্লামেন্ট ভেঙে দেয়ার পাশাপাশি সরকারও উত্খাত করতে হবে।’ ‘আর এ মধ্যবর্তী সময়ে আমরা একটি অবাধ, বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারব’ বলে তিনি জানিয়েছেন। এ লক্ষ্যে ডিক্রি জারি করবেন বলেও জানান জোতদিয়া।