সংবাদ কণিকা

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২০:৫৬
চীনের নদীতে এবার মরা হাঁস চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নানহি নদী থেকে প্রায় এক হাজার মৃত হাঁস উদ্ধার করেছে কর্তৃপক্ষ। দেশটির স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, সিচুয়ান প্রদেশের পেংসান কাউন্টির বাসিন্দারা সেখানকার নানহি নদীতে প্রায় হাজার খানেক মৃত হাঁস দেখে পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছে। তবে ঐ নদীর পানি খাবারের জন্য ব্যবহূত না হওয়ায় মানুষ কিংবা গবাদিপশু এতে কোনো ক্ষতির সম্মুখীন হবে না বলেও জানায় কর্তৃপক্ষ। কিছুদিন আগে চীনের সাংহাই রাজ্যের হুয়াংপু নদীতে ১৬ হাজারেরও বেশি মৃত শূকর ছানা পাওয়া যাওয়ার পর নতুন এ ঘটনা ঘটল। —বিবিসি বরফের ঘর জার্মানির সবচেয়ে উঁচু পর্বত আল্পসের কাছে গড়ে তোলা হয়েছে ইগলুডর্ফ মানে ইগলু গ্রাম। বরফের ঘর মানে শীতে কাবু হয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকা নয়। আপনাকে উষ্ণ রাখার যত রকমের সব ব্যবস্থাই আছে সেখানে। বার আছে, দোকান আছে, সবই ইগলুর মধ্যে। ইগলু হোটেলে যেতেও হয় একটি বিশেষ ব্যবস্থায়, ক্যাবল কারে চেপে। অন্য কোনো পথ নেই। সাধারণ একটি ইগলুতে সর্বোচ্চ ছয়জন থাকা যায়। প্রতিজনকে ভাড়া গুণতে হবে প্রতিরাতে ৯৯ ইউরো আর খাবার খরচ হবে সাত হাজার ইউরোর বেশি। —ডয়েচে ভেলে মহাবিশ্বের বয়স আরো বেশি মহাবিশ্বের সূচনা হয়েছিলো বিগ ব্যাং থেকে। মহাশূন্যে বহমান রশ্মির বিকিরণের ওপর সূক্ষ্ম গবেষণায় জানা যায়, এই বিস্ফোরণ হয়েছিলো প্রায় এক হাজার ৩৮০ কোটি বছর আগে। যা আগের ধারণা থেকে আরো ১০ কোটি বছর বেশি। নতুন উপাত্ত সংগ্রহ করা হয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির মহাশূন্যযান ‘প্ল্যাঙ্ক’-এর দেয়া মহাবিশ্বে বহমান মাইক্রোওয়েভ বিকিরণের ওপর পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে। —রয়টার্স গুয়াতেমালায় ভূমিকম্প গুয়াতেমালায় সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ২। তবে এতে সেখানে তাত্ক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় বিকাল ৫টা ২ মিনিটে আঘাতহানা ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল রাজধানী গুয়াতেমালা সিটির ১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ২শ কিলোমিটার গভীরে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের ব্যাপকতা সত্ত্বেও গুয়াতেমালা সিটির বাসিন্দারা তেমন একটা অনুভব করেনি । —এএফপি