অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চায় ডিএসই

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২০:৫৮
ইত্তেফাক রিপোর্ট শেয়ার বাজারে স্থতিশীলতা ফিরিয়ে আনতে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান। সোমবার সাংবাদিককের সাথে আলাপকালে তিনি বলেন, বাজারে স্থিতিশীলতা ফেরাতে গঠিত কমিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমন্বয় করার জন্য কাজ করছে। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ। পুঁজিবাজার নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে স্থিতিশীলতা ফেরানো প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এর পাশাপশি বাংলাদেশ ব্যাংকেরও কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। রকিবুর রহমান আরো বলেন, ব্যাংকগুলোকে প্রভিশনের সময় বাড়িয়ে দেয়ার দাবি জানানো হয়েছিল। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকও রাজি ছিল। কিন্তু পরে প্রভিশনের সময় ডিসেম্বর পর্যন্ত না বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত রাখা হয়। প্রভিশনের সময় অল্প থাকায় অনেক ব্যাংক এখন বিনিয়োগে আসতে চাচ্ছে না। এ ব্যাপারে ডিএসইর পক্ষ থেকে আবারো বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। রাজনৈতিক অস্থিরতাও বাজার পতনের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। অন্যদিকে গত ৩ মার্চ ডিমিউচ্যুয়ালাইজেশনের আইনটি জাতীয় সংসদে উত্থাপন করা হয়। এখনও তা চূড়ান্ত যাচাই বছাই পর্যায়ে রয়েছে। তবে ওই দিন থেকেই বাজার রহস্যজনকভাবে পতনমুখী হয়ে পড়েছে। চলতি মাসের শুরু থেকেই শেয়ারবাজারে অব্যাহত দরপতন চলছে। লেনদেনও ২’শ কোটি টাকার নিচে নেমে এসেছে। উল্লেখ্য, বিদ্যমান আইনি সীমা অনুযায়ী ব্যাংকগুলো তাদের মোট দায়ের ১০ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। বর্তমানে এই বিনিয়োগের পরিমাণ প্রায় আড়াই শতাংশ। পুঁজিবাজারের বর্তমান অবস্থার উন্নতির জন্য ব্যাংকগুলোর তাদের দায়ের অন্তত ৫ শতাংশ এ বাজারে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।