ইত্তেফাক রির্পোট
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর নতুন পরিষদ দায়িত্বভার গ্রহণ করেছে। সোমবার বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিদায়ী সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বধীন পরিচালনা পরিষদ নতুন পরিষদের হাতে দায়িত্ব তুলে দেন। নতুন এই পরিষদ আগামী ২ বছর মেয়াদের জন্য বিজিএমইএ এর কার্যক্রম পরিচালনা করবেন। ইত্তেফাকের সাথে আলাপকালে সংগঠনের নবনির্বাচিত সভাপতি আতিকুল ইসলাম বলেন, আমার প্রথম কাজ হবে গার্মেন্টস শিল্পের ইমেজ বৃদ্ধি করা। সেই সাথে মালিক-শ্রমিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেয়া হবে। এ জন্য আগামী তিন মাসকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন তিনি।
গত ১০ মার্চ বিজিএমইএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। আতিকুল ইসলামের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ প্যানেল ২৭টি পরিচালক পদের ২১টিতেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বাকি ৬টি পদে জয়লাভ করেছে মাহমুদ হাসান খান বাবু’র নেতৃত্বাধীন ফোরাম। সম্মিলিত পরিষদ ঢাকা অঞ্চলে ২০টি মধ্যে ১৫টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৭টি পদের ৬টিতেই জয়লাভ করে। আর ফোরাম ঢাকা অঞ্চলে ৫টি ও চট্টগ্রাম অঞ্চলে একটি পদে জয়লাভ করে।
