রাজধানীতে বাস চাপায় প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:১৪
রাজধানীতে বাসের চাপায় পিষ্ট হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রাণ হারিয়েছেন। তার নাম ফারজানা ইসলাম ইলা (২২)। তিনি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির হোটেল ম্যানেজমেন্ট বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী। গতকাল দুপুর দেড়টার দিকে শ্যামলী থেকে বাসায় ফেরার পথে শ্যামলী ওভারব্রিজের সামনে রাস্তা পারাপারের সময় একটি বিআরটিসি বাস তাকে চাপা দেয়। এসময় তার সঙ্গে ছিলেন তার বড় ভাইয়ের বন্ধু হিটলার। তিনিও আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিত্সক ইলাকে মৃত ঘোষণা করেন। ইলার গ্রামের বাড়ি পাবনার সুজানগর থানার সৈয়দপুর গ্রামে। থাকতেন রাজধানীর খিলক্ষেত থানার তালেরটেক এলাকায়। তার পিতার নাম-মৃত ইয়াকুব আলী। চার ভাইয়ের একমাত্র বোন ছিলেন ইলা। তাকে হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে ছোট ভাই রাজীব বলেন, ট্রাফিক সিগন্যাল পড়ায় আমরা রাস্তা পার হচ্ছিলাম। হঠাত্ বিআরটিসির বাসটি সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে চলে আসে। দেখতে দেখতেই আমার বোন বাসের নিচে চলে গেল। তাকে বাঁচাতে পারলাম না। এ ঘটনায় জড়িত বাস আটক করেছে শেরে বাংলানগর থানা পুলিশ।