কক্সবাজারে অক্সফোর্ড স্কুলে ২০ শিক্ষার্থীকে পিটিয়ে জখম

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৩৭
কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কস্থ প্রাথমিক স্কুল শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের ২০ শিক্ষার্থীকে মারধর করে জখম করেছে এক পাষন্ড শিক্ষক। এই ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবকেরা জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে উত্তম-মধ্যম দিয়েছে। আহত ৩য় শ্রেণীর (স্ট্যান্ডার্ড থ্রি) শিক্ষার্থী আফিফ মোহাম্মদ সিহাম জানায়, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের মাঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য শিক্ষার্থীরা সকাল ৯টায় স্কুলে উপস্থিত হয়। শিক্ষার্থীদের কবিতা আবৃত্তির মাধ্যমে যথাসময়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে বসে কবিতা আবৃত্তি উপভোগ করে। কিন্তু পরক্ষণে মাইকে জাতীয় সংগীত বাজানো শুরু হলে শিক্ষার্থীরা কী হচ্ছে তা বুঝতে পারেনি। এসময় শিক্ষার্থীরা তাদের আসনেই বসা ছিল। এক পর্যায়ে স্কুলের সহকারী শিক্ষক আলাউদ্দিন এসে শিশু শিক্ষার্থীদের বেধড়ক পেটাতে শুরু করে। তার বেধড়ক পিটুনিতে শিক্ষার্থীরা রক্তাক্ত হয়। ঘটনার ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ বেগমের কাছ থেকে জানতে চাইলে তিনি কোনকিছু বলতে অস্বীকার করে তার বক্তব্য নেয়ার জন্য স্কুলে যাওয়ার পরামর্শ দেন।