ভালুকায় ছাত্রলীগ নেতা কর্মীদের সড়ক অবরোধ

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৩৮
ভালুকা সংবাদদাতা ভালুকা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার দাবিতে মঙ্গলবার প্রায় এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা। ওই সময় মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চমর দূর্ভোগ পোহাতে হয় ওই সড়কে চলাচলরত হাজার হাজার যাত্রী সাধারণকে। জানা যায়, মঙ্গলবার সকালে ভালুকা ডিগ্রী কলেজ মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এম আমান উল্যার কাছে অভ্যন্তরীণ কোন্দলের কারনে প্রায় আট মাস যাবত্ স্থগিত হয়ে থাকা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনার দাবি জানানো হয়। স্থানীয় সংসদ সদস্য এ সময় কমিটি ঘোষণা দিতে অপারগতা প্রকাশ করলে উপস্থিত ছাত্রলীগ নেতা-কর্মীরা দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লবসহ সিনিয়র নেতারা দুই দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে ছাত্রলীগ নেতা-কর্মীরা অবরোধ তুলে নেয়। পরে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।