শ্যামনগরে শিক্ষা উপকরণ বিতরণ
শ্যামনগর (সাতক্ষীরা ) সংবাদদাতা \ শ্যামনগরে শিশু সাহিত্য গবেষণা পরিষদের উদ্যোগে মানিকপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ বিকালে মানিকপুর গ্রামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মাওঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আবু মুছা, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ডাঃ শাহজাহান আলম, মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ আশরাফ আলী ও ডাঃ আব্দুল হামিদ।
বেতাগীতে স্বামীর আত্মহত্যা
বেতাগী (বরগুনা) সংবাদাতা \ বেতাগীতে স্ত্রীর আত্যাচার সহ্য না করতে পেরে শেষ পর্যন্ত বিষপানে আত্মহত্যা করেছেন রিয়াজ হোসেন নামের এক যুবক। উপজেলার হোসনাবাদের কদমতলা গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। পারিবারিকভাবে বিয়ে করেন রিয়াজ ও শারমিন জুঁটি। শ্বশুর বাড়িতে সুখ শান্তি আর স্বাচ্ছন্দ্যে বসবাস করছিলেন শারমিন। রিয়াজের স্বজন ও এলাকাবাসী বলেছেন, স্ত্রীর কারণে সে আত্মহত্যা করেছে।
নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি চাপায় স্কুলছাত্র নিহত
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর নামক স্থানে গতকাল মঙ্গলবার দুপুরে আত্রাই- নওগাঁ সড়কে দ্রুতগামী একটি ভুটভুটির চাকায় পিষ্ট হয়ে মিনহাজুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আত্রাই থানার ওসি আব্দুল লতিফ জানান, নিহত মিনহাজুল ইসলাম আত্রাই উপজেলার মিরাপুর গ্রামের দেলবর খানের পুত্র। এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা হয়েছে।
এনায়েতপুরে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
চৌহালী (সিরাজগঞ্জ) \ সিরাজগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে এনায়েতপুরের খামারগ্রাম নিউ লাইট মডেল স্কুলের প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৪ জন ছাত্র-ছাত্রীকে স্কুল চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী শহিদ মাহমুদের সভাপতিত্বে বিকেএমইএর পরিচালক ও অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার সদর উপজেলাধীন আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান কলেজের ২০১৩ সালের পরীক্ষার্থীদের এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে কলেজের প্রতিষ্ঠাতা প্রবাসী এম. এ. রহিম সিআইপির সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান, উপাধ্যক্ষ জনাব আব্দুস সাত্তার প্রমুখ। উল্লেখ্য যে, কলেজ থেকে এ বছর ১০১ জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বাগেরহাট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের নতুন পোশাক
বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাট জেলার শতবর্ষের ঐতিহ্যবাহী বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের ৮শ’ শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বাগেরহাটের পৌর মেয়র ও প্রতিষ্ঠানের সভাপতি খান হাবিবুর রহমান নিজ তহবিল থেকে এই পোশাক বিতরণ করেন। সোমবার বিকালে উক্ত স্কুল মিলনায়তনে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম, এডিসি মো. হাবিবুল হক খান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো. মোজাফফর হোসেন, কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।
বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকে বর্ষপূর্তির আলোচনা সভা
বাঞ্ছারামপুর সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষে গত সোমবার ব্যাংক কার্ষালয়ে দুলাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুর রকীব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম ইসহাক।
ধামরাইয়ে শিশু-কিশোর সমাবেশ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ধামরাই সংবাদদাতা\ উপজেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধামরাই হার্ডিঞ্জ হাইস্কুল মাঠে গতকাল ২৬ মার্চ শিশু- কিশোর সমাবেশ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। একইদিন কালামপুরে ভালুম এ আর খান স্কুল এন্ড কলেজে আয়োজিত ফুটবল ম্যাচ ও আলোচনা অনুষ্ঠানে সভাপতি ছিলেন ঐ কলেজের প্রিন্সিপ্যাল এমএ জলিল। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
সাদুল্লাপুরে জাপার সংসদ সদস্যের শ্রদ্ধাঞ্জলি ভাংচুর
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সাদুল্লাপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে আওয়ামী লীগের আগে মহাজোটভুক্ত জাতীয় পার্টির (এ) স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি শ্রদ্ধাঞ্জলি প্রদান করায় শ্রদ্ধাঞ্জলিটি ভেঙ্গে দেয় আওয়ামী লীগ নেত-কর্মীরা। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত হয়।
সিরাজগঞ্জে ব্যানার ছেঁড়ার অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি \ বিএনপি নেত্রী এ্যাডভোকেট সিমকী ইমাম খান অভিযোগ করে বলেছেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার লাগানো খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে প্রায় কয়েকশত ব্যানার ও ফেস্টুন প্রতিপক্ষ ছিঁড়ে ফেলেছে। এ ব্যাপারে প্রশাসনকে অবগত করলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের যুগ্ম-সাধারণ সম্পাদক সিমকী ইমাম খান সিরাজগঞ্জ রোডে বেগম খালেদা জিয়াকে ২ হাজার নেতা-কর্মী সঙ্গে নিয়ে স্বাগত জানান। এ সময় এক সংক্ষিপ্ত পথসভায় সিমকী ইমাম খান অভিযোগ করে বলেন, উল্লাপাড়ার উন্নয়নে কাজ করতে চাই বলেই একটি মহল ঈর্ষান্বিত হয়ে তার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে।
সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে ক্লাস বর্জন
গোপালগঞ্জ প্রতিনিধি\ হোস্টেলসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন, বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হোস্টেলের নির্মাণ দ্রুত সম্পন্ন, ক্যান্টিন ও লাইব্রেরি নির্মাণ, ক্যাম্পাসের নিরাপত্তা বেষ্টনির ব্যবস্থা এবং গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে শত শত শিক্ষার্থী এ সকল কর্মসূচি পালন করে। সেপ্টেম্বরের মধ্যে দাবি মেনে নেয়া না হলে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।
গোপালপুরে বিজ্ঞান প্রযুক্তি মেলায় মানুষের ঢল
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ পৌর শহরের সূতিভিএম মডেল হাইস্কুল মাঠে গত সোমবার দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, গোপালপুর কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ফায়জুল আমিন সরকার এবং স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। মেলায় ৬টি স্টল অংশ নেয়।
চান্দিনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা\ কোমলমতি শিশুদের শিক্ষাক্ষেত্রে ঝরেপড়া রোধকল্পে এবং শিশুদের স্কুলমুখী করতে কুমিল্লার চান্দিনায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চান্দিনা উপজেলার এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এ আয়োজন করা হয়। সোমবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী।
চৌগাছায় পিস্তলসহ দু’জন আটক
চৌগাছা সংবাদদাতা\ যশোরের চৌগাছা পাশাপোল পুলিশ ফাঁড়ি এবং ঝিকরগাছা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এ্কটি দেশীয় তৈরি পাইপগান ও ১ রাউন্ড পিস্তলের গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদ পেয়ে পাশাপোল পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম এবং ঝিগরগাছা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঝিকরগাছা থানার সিরিরামপুর গ্রামের ইনজামমুল হক এবং দিলুকে পার্শ্ববর্তী মাঠ থেকে আটক করে। এ ব্যাপারে থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।
বড়াইগ্রামে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা\ নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরমাপুর এস উচ্চ বিদ্যালয়ে গত সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে আনসার আলী ফকিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম লাড্ডু। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সিরাজগঞ্জে তিন দিনের বইমেলা শুরু
সিরাজগঞ্জ প্রতিনিধি\ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মুক্তির সোপানে রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেসুর রহমান। আগামী ২৬ ডিসেম্বর বইমেলা শেষ হবে।
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের মিছিল ও সমাবেশ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা\ নাগেশ্বরীতে মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা। গত সোমবার বিকালে ডিএম একাডেমী ফুটবল মাঠ থেকে মিছিলটি বের হয়ে বাজার জামে মসজিদের সামনে গিয়ে সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল জিএমএম আনসার আলী ব্যাপারি রয়েল, আব্দুল মোন্নাফ প্রমুখ।
কুমিল্লায় কলেজ কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি
কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লা জেলার সকল সরকারি কলেজের অস্থায়ী (মাস্টার রোল) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি জাতীয়করণ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ দানের দাবিতে গত সোমবার বেলা ১২টায় ভিক্টোরিয়া সরকারি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা সরকারি কলেজের হিসাবরক্ষক সুজিত চন্দ্র রায়ের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন মো. মাহফুজুল ইসলাম, মো. আবদুল কাইয়ূম, মো. ইয়াছিন, শিবলু রহমান, পারভীন আক্তার, আমেনা বেগম প্রমুখ।
রাজশাহীর পুঠিয়ায় বীর কন্যাদের সংবর্ধনা ও অনুদান প্রদান
রাজশাহী অফিস \ রাজশাহীর পুঠিয়া উপজেলার বীর কন্যাদের সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করেছে সামাজিক নারী সংগঠন ‘চেষ্টা’। এ উপলক্ষে গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি সেলিনা বেগম শেলী। প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লুত্ফর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান আলী।
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টে ডাকাতি, আটক ৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি রপ্তানিমুখী গার্মেন্ট প্রতিষ্ঠানে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ কারখানার ২ নৈশ প্রহরীসহ ৫জনকে আটক করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় ইব্রাহিম নিট গার্মেন্টে সোমবার ভোর ৪টার দিকে ২৫-৩০ জনের একদল ডাকাত প্রবেশ করে। কারখানার দুই নৈশ প্রহরী মান্নান ও নূর মুন্সীর দাবি ডাকাতরা কারখানায় প্রবেশ করে এ দুইজনের হাত-পা বেঁধে মালামাল একটি কভার্ডভ্যানে করে নিয়ে পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ায় আশা’র ত্রাণ কার্যক্রম শুরু
ব্রাহ্মণবাড়ীয়া সদর এবং আখাউড়া উপজেলার ওপর দিয়ে সম্প্রতি বয়ে যাওয়া ভয়াবহ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০ পরিবারের সহায়তায় আশা ৩০ লাখ টাকার ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের মধ্যে রয়েছে, আহত সদস্যদের চিকিত্সার জন্য নগদ ৫০ হাজার টাকা, ঘরবাড়ি পুনঃনির্মাণের জন্য ২০ লাখ টাকা সুদমুক্ত ঋণ বিতরণ, নয় লাখ ৫০ হাজার টাকার সঞ্চয় ফেরত প্রদান এবং প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত বিতরণকৃত সকল ঋণের কিস্তি আদায় স্থগিত করা হয়েছে। আশা’র স্থানীয় কর্মীরা টর্নেডোতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা দিয়ে যাচ্ছে।-প্রেস বিজ্ঞপ্তি
রূপগঞ্জে গুলিসহ পিস্তল উদ্ধার
রূপগঞ্জ সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মেয়র শফিকুল ইসলাম চৌধুরীর বাড়ির ১০০ গজের মধ্যে গতকাল সোমবার ছিনতাইকারীদের ব্যবহূত মাইক্রোবাস তল্লাশী করে ম্যাগজিন, নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার ওসি মঈনুর রহমান জানান, গত রবিবার তারাব সোনালী ব্যাংকের সামনে থেকে কাস্টম অফিসের একটি মাইক্রোবাস ছিনতাই করার সময় ছিনতাইকারী দলের সদস্য মোশারফ হোসেন রঞ্জু, মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন, সেলিম মিয়াকে জনতা আটক করে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
