গত ৩ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের যে সকল স্থানে পুলিশের গুলিতে মানুষ নিহত হয়েছে তার প্রায় সবগুলো এলাকায় সফরের কর্মসূচি নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। নিহতদের পরিবারবর্গকে সমবেদনা এবং আর্থিক সহায়তা প্রদান করবেন তিনি। সম্প্রতি পুলিশের গুলিতে সারাদেশে ১৫ দিনে ১৭০ জন নিহত হয়েছে বলে বক্তব্য দিয়ে আসছেন বেগম জিয়া। ওইসব এলাকায় সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত উপাসনালয় পরিদর্শন ও সহায়তা দেবেন তিনি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার টর্নেডো বিধ্বস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার জন্য সেখানে যাবেন খালিদা জিয়া।
এদিকে আজ ও কাল টানা হরতালের পর শনিবার ব্রাহ্মণবাড়িয়া যাবার কর্মসূচি নিয়েছেন তিনি। সেখানে টর্নেডো উপদ্রুত এলাকা পরিদর্শন করবেন। খালেদা জিয়া গুলিতে নিহতদের পরিবারদের সমবেদনা ও আর্থিক সহায়তা দিতে দু’দিনের সফরে যশোর হয়ে সাতক্ষীরা যাবেন। ঢাকা থেকে রওয়ানা করে যশোরে রাত যাপন করতে পারেন তিনি। পরের দিন সকালে সাতক্ষীরায় যাওয়ার কথা রয়েছে। ৩১ মার্চ সাতক্ষীরা যাওয়ার কর্মসূচি ছিল। তবে আকস্মাত্ ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ টর্নেডো আক্রান্ত হওয়ায় এখন সেখান থেকে ফিরে তিনি কবে যাবেন তা নির্ধারণ করবেন বলে জানালেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল।
সাতক্ষীরা থেকে ফিরে আগামী মাসের প্রথম দিকে চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজার যেতে পারেন খালেদা জিয়া।
