ভারতে আবারো চলন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে দেশটির পাঞ্জাব রাজ্যের অমৃতসরে চার দুর্বৃত্ত ধর্ষণ করে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন এক তরুণী। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ সুপার হরজিত সিং ব্রার জানান, তরুণীর ভাষ্যমতে, তিনি সন্ধ্যা সাড়ে সাতটায় অমৃতসর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। তখন একটি গাড়ি তার কাছে এসে থামায় এবং তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এ সময় তিনি গাড়িতে দুইজনকে দেখতে পান। একজন গাড়ি চালাচ্ছিল এবং অন্যজন পেছনে বসা ছিল। কিছু দূর যাওয়ার পর তারা একজনকে তুলে নেয়। আরো সামনে গিয়ে আরো একজনকে তুলে নেয়। এরপর চারজন মিলে তাকে গাড়িতে ধর্ষণ করে। পরে ক্যান্টনমেন্ট এলাকায় নিয়ে যাওয়া হয়। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। ডাক্তার জানিয়েছেন, তাকে ধর্ষণের চিহ্ন পাওয়া গেলেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে চারজনের মধ্যে অন্তত দুইজনকে চিহ্নিত করা গেছে বলে মনে করা হচ্ছে। পুলিশ আরো জানায়, তরুণীকে অপহরণের আগে এবং পরে তার মোবাইলে অনেক ফোন আসছিল। ধারণা করা হচ্ছে, অপহরণকারীদের চিনতে পেরেছেন তরুণী। গত বছরের ডিসেম্বরে দিল্লিতে এক মেডিক্যাল ছাত্রী গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। এরপর সারা দেশজুড়ে ধর্ষণবিরোধী আন্দোলন গড়ে ওঠে। সমপ্রতি মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রেখে ধর্ষণবিরোধী একটি আইন পাস হয়।
এদিকে দেশটিতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) নেতা দীপক ভরদাজ নিহত হয়েছেন। গতকাল সকালে দক্ষিণ দিল্লীর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিতেশ কুঞ্জ এলাকায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সোয়া নয়টার দিকে দুই ব্যক্তি একটি স্কোডা গাড়ি নিয়ে প্রবেশ করে। কিছু সময় পর ভরদাজের (৬২) সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে তারা ভরদাজকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের নিকটবর্তী একটি হাসপাতালে নেয়া হলে তিনি মারা যায়।
