বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কেভিন স্টিল। গত ১৭ মার্চ তিনি সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানে যোগদান করেন। এরপর থেকে জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানকে লোকসানের হাত থেকে লাভজনক করার জন্য কেভিন স্টিল সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করে চলেছেন। গত বছরে বিমান প্রায় ৬০৬ কোটি টাকা লোকসান দিয়েছে। নতুন এমডি প্রথমে লোকসানের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন। বিমানের অভ্যন্তরে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থা নির্মূলকে অগ্রাধিকার হিসেবে নিয়েছেন তিনি। সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল নিশ্চিত এবং বিমানের যাত্রী সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সকলকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন সদ্য যোগদানকারী এমডি।
বিমানের একজন যাত্রীকে গতকাল মঙ্গলবার পাঠানো এক ই-মেইল বার্তায় কেভিন স্টিল লিখেছেন, আগামী দুই মাসের মধ্যে তিনি বিমান কর্তৃপক্ষের কাছে অভিযোগ, প্রত্যাশিত শুভেচ্ছা ও সন্তুষ্টি জানানোর সুবিধার্থে গ্রাহকদের জন্য অনলাইন সুবিধা গড়ে তুলতে চান। প্রয়োজনীয় ডাটাবেজ বা তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে। যেখানে যাত্রীদের সব অভিযোগ ও সন্তুষ্টি জমা থাকবে। এর সুবাদে সামগ্রিক অবস্থা বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া সম্ভব হবে। বিমানের কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা করে দেয়া হবে। এর অন্তর্ভুক্ত থাকবে অভিযোগ, শুভেচ্ছা, সন্তুষ্টিসহ গ্রাহকদের অন্যান্য প্রত্যুত্তরমূলক সাড়া, যা একটা নির্দিষ্ট সময়সীমার পর সরাসরি কর্মচারীদের বেতন ভাতার সঙ্গে সংযুক্ত থাকবে।
এদিকে বিমানের এমডি আজ বুধবার দুপুরে প্রধান কার্যালয় বলাকায় এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন।
