চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশের একটি দল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর দেওয়ানবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় জামায়াত নেতাকর্মীদের কেউ কার্যালয়ে ছিলেন না।
জামায়াত নেতারা জানান, মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ছিল। সভাশেষে নেতারা চলে যাওয়ার পর গোয়েন্দা পুলিশের ৪০/৫০ জন সদস্য তল্লাশির নামে অফিসের মূল্যবান কাগজপত্র তছনছ করে। কিছু না পেয়ে ঘণ্টাখানেক পর তারা চলে যায়। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) মো. তারেক আহম্মেদ বলেন, জামায়াত কার্যালয়ে গোপন বৈঠকের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত কর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
