উল্লাপাড়ায় রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ট্রাক ড্রাইভার নিহত ও দুই হেলপার আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঈশ্বরদী-ঢাকা রেল লাইনের উল্লাপাড়ার সলপ রেল স্টেশনের কাছে রেলক্রসিংয়ে ঢাকা থেকে নীলফামারীগামী আন্তঃনগর ট্রেন নীল সাগর-এর সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই নিহত হয় ট্রাক ড্রাইভার সাইফুল ইসলাম (৪৫)। হেলপার নূরুল ও সাদেক গুরুতর আহত হয়। আহতদের সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নূরুলের অবস্থা আশংকাজনক। নিহত ট্রাক ড্রাইভারের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামে। সিরাজগঞ্জ জিআরপি থানায় মামলা হয়েছে। সলপ রেল স্টেশনের কাছে রেলক্রসিংয়ে কোন গার্ড না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। গত তিন মাসে রেলক্রসিংয়ে ৫ জন নিহত হয়েছে। এলাকাবাসী দুর্ঘটনা রোধে ব্যস্ততম এই রেলক্রসিংয়ে একজন গার্ড নিয়োগের দাবি জানিয়েছে।
