রাষ্ট্রপতি শাসিত সরকার হলে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হব

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২২:৪২
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, তিনি রাষ্ট্রপতি হতে চান কি না অনেকে তার কাছে জানতে চেয়েছেন। উত্তরে তিনি বলেছেন ‘আমি রাষ্ট্রপতি ও সরকার প্রধান ছিলাম। আমি সেরকম রাষ্ট্রপতি হতে চাই।’ এছাড়া রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনেরও পক্ষে তিনি। এ ব্যাপারে বলেছেন, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করে বর্তমান প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতি হন তাহলে তার আপত্তি নেই। তবে এই ব্যবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলে নিজে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলেও আশাবাদী সাবেক এই রাষ্ট্রপ্রধানের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এরশাদ আরো বলেন, দেশ অবশ্যম্ভাবী সংঘাতের দিকে এগিয়ে চলেছে। সুরাহার পথ কী, তা কারও জানা নেই। সামনে কী হবে, সবকিছু অস্পষ্ট। এর থেকে রক্ষা পেতে দরকার নির্বাচন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, মহাজোট ছাড়তে হবে। অপেক্ষা করুন, যথাসময়ে সিদ্ধান্ত নেব। তিনি আরো বলেন, আমার ক্ষমতায় যাবার কোনো লোভ নেই। আমার সামনে একটিই লক্ষ্য, জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত করে রেখে যাওয়া। সভায় দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।