শিশু একাডেমীর বইমেলা সমাপ্ত

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২২:৪৬
জাতীয় শিশু দিবস ২০১৩ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত ১০ দিনব্যাপী বই মেলার শেষ দিন ছিল শিশুদের পদচারণায় মুখর। স্বাধীনতা দিবস উপলক্ষে ছড়া-কবিতা পাঠের আসর, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয় বইমেলার। গতকাল মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকীতে শিশু একাডেমী আয়োজিত বই মেলার ছিল শেষ দিন। বাংলাদেশ শিশু একাডেমীর শহীদ মতিউর মঞ্চে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও সাংবাদিক বেবী মওদুদ এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মো. নূরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের অমর ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে। খেলাধুলা, বিনোদন, আনন্দের মধ্য দিয়ে শিশুদের মনে স্বপ্নের রঙিন দুয়ার খুলে দিতে শিশু একাডেমী নানা আয়োজন করছে। তিনি বাইরের জগত্ ও বিশ্বকে জানার জন্য শিশুদের হাতে বই তুলে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বেবী মওদুদ বলেন, আমাদের দেশে আমরা নিজেদের মতো করে বেঁচে আছি, হাসি-আনন্দ করছি, স্বপ্ন দেখছি। স্বাধীনতা না পেলে এসব সম্ভব হত না। সেলিনা হোসেন শিশুদের উদ্দেশে বলেন, তোমরা বই পড়ে নিজেকে বিকশিত করবে, জ্ঞানের আলোয় আলোকিত হবে। স্বাধীনতার শক্তি দিয়ে আগামী দিনের জন্য নিজেকে তৈরি করবে।