ছাত্রশিবিরের স্বাধীনতা শোভাযাত্রায় পুলিশের সাথে সংঘর্ষ

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২২:৪৬
গতকাল মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা করতে গিয়ে রাজধানীর মগবাজার রেলক্রসিং এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে ছাত্রশিবিরের। সংঘর্ষে অন্তত ২৫ জন নেতাকর্মী রাবার বুলেটবিদ্ধ হন। আর পুলিশ আটক করেছে ৭ জনকে। প্রত্যক্ষদর্শীরা জানান, শোভাযাত্রা শুরুর সাথে সাথে পুলিশ শিবির নেতাকর্মীদের ওপর চড়াও হয়। তাদের ওপরে লাঠিচার্জ করে পাশাপাশি টিয়ার শেল ছোঁড়ে। এ সময় শিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ওপর রাবার বুলেট ছোঁড়ে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ইয়াসির আরাফাত জানান, সকাল সাড়ে ৯টায় মগবাজার রেলক্রসিং এলাকায় শিবির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বের করে। এ সময় পুলিশ বাধা দেয় এবং একপর্যায়ে গুলি চালায়। এতে আহত হন শতাধিক নেতাকর্মী। গুলিবিদ্ধ ২১ জনের অবস্থা আশংকাজনক বলে দাবি করেন ইয়াসির আরাফাত। রমনা থানার ওসি শাহ আলম বলেন, শিবির মিছিল করলে পুলিশ বাধা দেয়। পরে শিবিরের নেতাকর্মীরা হামলা চালায় এবং গাড়ি ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর আমরা পাইনি।